অনলাইন ডেস্ক:
২০২৫ সালের ১০ অক্টোবর চূড়ান্ত হওয়া যুদ্ধবিরতির শর্তাবলীকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সর্বশেষ ২৪ ঘণ্টায় চালানো এই আকস্মিক ড্রোন ও বিমান হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বৃহস্পতিবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। এছাড়া উপত্যকার আরেকটি পৃথক এলাকায় বিমান হামলায় আরও চার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজা সিটিতে একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হলে সেখানেও অন্তত একজন নিহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক দিনে উপত্যকাজুড়ে চলা এই সহিংসতায় সর্বমোট আটজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। তবে হতাহতদের বিস্তারিত পরিচয় বা পরিস্থিতি সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
২০২৫ সালের শেষভাগে দুই পক্ষের মধ্যে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও, গাজার সাধারণ মানুষের জীবনে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। প্রতিনিয়ত চলা এই চোরাগোপ্তা হামলা ও হত্যাকাণ্ডে ওই অঞ্চলের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা আবারও চরম হুমকির মুখে পড়েছে।
তথ্য: বিডিফেস/ বিডিফেস
মেহেদী হাসান