প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০২, ২০২৬, ১:৪৩ পি.এম
বাউফলে খাল খননে নেই অনিয়ম: ইউএনও
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার
বগা ইউনিয়নের রাজনগর গ্রামের চলমান খাল খনন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। মঙ্গলবার (২ জুন) বিকেলে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন
করে খননকাজের অগ্রগতি, গুণগত মান এবং বাস্তবায়ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে
উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলাম, বগা
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামাল হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম
আজাদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় ইউএনও প্রকল্প-সংশ্লিষ্টদের
সঙ্গে মতবিনিময় করেন এবং খননকাজের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, প্রকল্পটি
সরকারি নীতিমালা ও অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে। কাজের গুণগত
মান নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে
সম্প্রতি খাল খনন প্রকল্প নিয়ে উত্থাপিত বিভিন্ন অভিযোগ ও আলোচনা প্রসঙ্গে সালেহ আহমেদ
বলেন, পরিদর্শনে প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। সরকার নির্ধারিত
নির্দেশনা ও কারিগরি মানদণ্ড অনুসরণ করেই কাজ পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, খাল পুনঃখনন
কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধার সম্প্রসারণ এবং
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের
কাজ সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় বাসিন্দারা জানান,
দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি
হতো। পুনঃখননের ফলে জলাবদ্ধতা কমবে, কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং এলাকার কৃষকরা
সরাসরি উপকৃত হবেন। তারা দ্রুত ও সুষ্ঠুভাবে প্রকল্পের কাজ সম্পন্ন করার দাবি জানান। উল্লেখ্য, সরকারের চলমান
পানি ব্যবস্থাপনা ও কৃষি সহায়তা কর্মসূচির অংশ হিসেবে রাজনগর খাল খনন প্রকল্প বাস্তবায়ন
করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি সম্পন্ন হলে এলাকার কৃষি ও পরিবেশ ব্যবস্থাপনায়
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more