বাউফলে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

Date: 2026-05-16
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ৪০ দিনের কর্মসূচির আওতায় তিনটি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) সকালে বগা ইউনিয়নের রাজনগর এলাকায় খাল পুনঃখনন কাজ পরিদর্শন এবং দুপুরে আদাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আরেকটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “ধান, নদী ও খাল—এই তিনের সমন্বয়েই গড়ে উঠেছে বরিশাল অঞ্চল। বাউফলের কৃষি ও জনজীবনও খালের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। খাল বাঁচলে কৃষি বাঁচবে, কৃষক বাঁচবে।”
তিনি বলেন, নির্বাচনের আগে স্থানীয় জনগণ খাল পুনঃখননের দাবি জানিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল পুনঃখনন উদ্যোগের কথা স্মরণ করে বলেন, এ ধরনের প্রকল্পকে রাজনৈতিকভাবে না দেখে জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে মূল্যায়ন করা উচিত।
খাল পুনঃখনন কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথা উল্লেখ করে এমপি মাসুদ বলেন, “যারা এ প্রকল্প বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন, তাদের কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। কাজের মান নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় পর্যায়েও মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে তিনটি ইউনিয়নে খাল পুনঃখনন শুরু হলেও পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। বগা সেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতিও ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, বগা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গনি সিকদার, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বগা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মৃধা, সাধারণ সম্পাদক বাবুল সিকদার, সাবেক যুবদল আহ্বায়ক জসিম হাওলাদার, তাতীদল সভাপতি জামাল মুন্সী, জেলা যুবদল সদস্য জলিল মৃধা, বশার মোল্লা, সোহেল মোল্লাসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments