বাউফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

Date: 2026-04-27
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ২৪শ’ কৃষক-কৃষাণীর হাতে এই কৃষি প্রণোদনা তুলে দেওয়া হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে উচ্চ ফলনশীল (উফশী) আউশ ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিলন মিঞা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ। এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কৃষক-কৃষাণী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সময়মতো কৃষকের দোরগোড়ায় প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দেওয়া যায়। বিশেষ করে আউশ ধানের আবাদ বাড়ানো এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সঠিক সময়ে উন্নতমানের বীজ ও সার ব্যবহার করলে বাউফল অঞ্চলে ধান উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
এ সময় কৃষকরা সরকারের এই সহায়তায় সন্তোষ প্রকাশ করে বলেন, সময়মতো বীজ ও সার পাওয়ায় তারা আউশ চাষে আরও উৎসাহিত হচ্ছেন। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা আধুনিক চাষাবাদ পদ্ধতি ও সারের সুষম ব্যবহার বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Leave Your Comments