বাউফল
(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর
বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মাস্টারপয়েন্ট এলাকায় কথিত মাদককারবারীদের বিরুদ্ধে
বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার
(৩০ মে) সকাল ১১টার দিকে শতাধিক গ্রামবাসী এ কর্মসূচিতে অংশ নিয়ে মাদক ব্যবসা বন্ধ
এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভকারীরা
অভিযোগ করেন, এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় যুবসমাজ
ধ্বংসের মুখে পড়েছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বলেন, মাদককারবারীদের
কর্মকাণ্ডে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং প্রতিবাদ করলেই বিভিন্ন ধরনের হুমকির
মুখে পড়তে হচ্ছে।
বিক্ষোভে
বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা জাহিদ, মজনু, শামীম, অহিদুজ্জামান অহিদ, মাওলানা জাহিদ,
জসিম খান ও রহমান হাওলাদার। বক্তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তারা
আরও বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে কেশবপুর এলাকার অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে
বিবেচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরে
আসবে।
অভিযুক্ত
কালুর বাবা শফিজউদ্দিন হাওলাদার বলেন, আমার ছেলে মাদক খায় শুনেছি। আমি পুলিশেও খবর
দিয়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম
বলেন, অপরাধীদের তথ্য পেলেই আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। আমাদের মাদকবিরোধী
অভিযান চলমান রয়েছে।