বাউফলে শ্রীগুরু সংঘের বিনামূল্যে চক্ষু শিবির, সহস্রাধিক রোগীর সেবা গ্রহণ
Date: 2026-06-22
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২২, ২০২৬, ৫:০১ এ.এম
বাউফলে শ্রীগুরু সংঘের বিনামূল্যে চক্ষু শিবির, সহস্রাধিক রোগীর সেবা গ্রহণ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে শ্রীগুরু সংঘের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) সকাল ৯টা থেকে বাউফল কেন্দ্রীয় কালীবাড়ি মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। আয়োজক সূত্রে জানা যায়, শ্রীগুরু সেবা সংঘ কাউখালী কেন্দ্রীয় কমিটির পৃষ্ঠপোষকতায় দেশের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়ে থাকে। বাউফল কেন্দ্রীয় কালীবাড়িতে এই প্রথমবারের মতো এমন চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং ছানি রোগীদের অপারেশনের জন্য নির্বাচন করেন। আয়োজকদের দাবি, নতুন এ উদ্যোগে সহস্রাধিক রোগী সেবা গ্রহণ করেছেন। শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ভক্ত কর্মকার জানান, শ্রীগুরু সংঘের উদ্যোগে এটি ১৫১তম বিনামূল্যের চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বাউফল উপজেলা শ্রীগুরু সংঘের সভাপতি মানিক লাল সাহা ও সাধারণ সম্পাদক সুধির নট্ট বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। স্থানীয় মানুষের চাহিদা বিবেচনায় ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হবে। স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more