বাউফল
(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর
বাউফল উপজেলায় বেড়ীবাঁধ সংলগ্ন কৃষিজমির মাটি রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগে মানববন্ধন
করেছে এলাকাবাসী। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া এলাকায়
এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে
অংশগ্রহণকারীরা জানান, বেড়ীবাঁধ সংলগ্ন এলাকায় প্রায় ৭০০ পরিবারের বসবাস। সম্প্রতি
স্থানীয় প্রভাবশালীরা রাতের অন্ধকারে বেড়ীবাঁধের প্রায় ২ থেকে ৩ কিলোমিটার অংশের মাটি
কেটে নিয়ে গেছে, যা এলাকাবাসীর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। তারা
আরও বলেন, কালিশুরী-বেকুড়িয়া নদীর প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ বেড়ীবাঁধের বিভিন্ন স্থান
থেকে ইতোমধ্যে মাটি অপসারণ করা হয়েছে। এতে এসএম গোলাম রাব্বানীর ৯ শতাংশ, সত্তার রাঢ়ীর
৫ শতাংশ এবং আনিচুর রহমান রাঢ়ীর ১০ শতাংশ জমিসহ অন্তত ১০ থেকে ১৫টি পরিবারের কয়েক একর
কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তারা
আশঙ্কা প্রকাশ করে বলেন, ডাকুরিয়া নদীর তীরবর্তী এ বেড়ীবাঁধ দুর্বল হয়ে পড়ায় যেকোনো
সময় জলোচ্ছ্বাস বা অতিবৃষ্টিতে ফসলি জমি ও বসতভিটা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
রয়েছে। নাম
প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন, স্থানীয় কয়েকটি ইটভাটার মালিক-যার
মধ্যে এমএমবিসি ও মিম ব্রিকফিল্ড সহ কয়েকটি ব্রিকফিল্ড এই মাটি কাটার সঙ্গে জড়িত। এ
সময় বক্তব্য রাখেন মো. সাইদুল ইসলাম, মাহমুদ সিকদার ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য তৈয়ব
মৃধাসহ স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে বলেন, অবিলম্বে
অবৈধভাবে মাটি কাটা বন্ধ করে বেড়ীবাঁধ ও কৃষিজমি রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more