প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৪:৫৫ এ.এম
বিল গেটসের আশঙ্কা: ভুল হাতে এআই মানেই গণমৃত্যু
অ-অ+
অনলাইন ডেস্ক:
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিন দিন যত শক্তিশালী হচ্ছে, এর অপব্যবহার নিয়ে উদ্বেগও ততই বাড়ছে। এই প্রেক্ষাপটে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস এআই-এর ভয়াবহ বিপদ সম্পর্কে কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, যদি এই প্রযুক্তি ভুল মানুষের হাতে পড়ে, তবে বিশ্বজুড়ে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটতে পারে। গত বুধবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস এই মন্তব্য করেন, যা এই সপ্তাহের শেষে প্রচার হওয়ার কথা রয়েছে।
বিল গেটস জোর দিয়ে বলেন, মানুষের খারাপ উদ্দেশ্যের সাথে যদি সর্বাধুনিক এআই প্রযুক্তির সমন্বয় ঘটে, তবে তা এমন এক বিধ্বংসী অস্ত্রে পরিণত হবে, যার উদাহরণ আগে কখনও ছিল না। তিনি মনে করেন, এই প্রযুক্তি এতটাই শক্তিশালী যে ভুল উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা শতকোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে। গেটস বিশেষ করে সন্ত্রাসী গোষ্ঠী বা কোনো দায়িত্বজ্ঞানহীন রাষ্ট্রের হাতে এআই-এর অপব্যবহারের তাৎক্ষণিক বিপদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এমনকি দীর্ঘমেয়াদে এআই মানবজাতির অস্তিত্বের জন্যও হুমকি হয়ে উঠতে পারে বলে তিনি সতর্ক করেন।
এই বিপদ এড়াতে গেটস যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় পর্যায়ে এআই নিয়ন্ত্রণ আইন করার জোর দাবি জানান। তিনি স্পষ্ট করে বলেন যে, এআই-এর নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব নিয়ন্ত্রণ বা 'সেলফ-রেগুলেশন' যথেষ্ট নয়। তবে, আইন প্রণয়ন করা হলেও এআই-এর উন্নয়নের গতি উল্লেখযোগ্যভাবে কমবে না বলেই তিনি বিশ্বাস করেন।
সিলিকন ভ্যালিতে এআই-এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ইতোমধ্যে বাস্তবে রূপ নিতে শুরু করেছে। ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের প্রযুক্তি কতটা নিরাপদে নিয়ন্ত্রণ করতে পারছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। সম্প্রতি জানা গেছে, ওপেনএআই-এর একটি এআই ব্যবস্থা অস্ট্রেলিয়ার একটি সরকারি জনস্বাস্থ্য সেবার ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছিল, অথচ প্রতিষ্ঠানটি তা কয়েক মাস পর্যন্ত গোপন রেখেছিল। অন্যদিকে, অ্যানথ্রপিক জানিয়েছে যে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাথে সংশ্লিষ্ট কয়েকটি সশস্ত্র গোষ্ঠী তাদের ‘ক্লড’ এআই মডেল ব্যবহার করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরির চেষ্টা করেছিল। এই ঘটনাগুলো গেটসের সতর্কবার্তাকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more