প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৯, ২০২৬, ৬:০৭ এ.এম
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শাকিরার সাথে বিবার-বিটিএস
অ-অ+
অনলাইন ডেস্ক:
ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই যেখানে টানটান উত্তেজনা আর মাঠের তুমুল লড়াই, সেখানে এবার যোগ হতে যাচ্ছে গ্ল্যামার আর সুরের এক অভূতপূর্ব মাত্রা! টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো সুপার বোলের আদলে আয়োজন করা হচ্ছে এক জমকালো 'হাফটাইম শো', যা রূপ নিতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিনোদন মঞ্চে। আগামী ১৯ জুলাই নিউইয়র্কের ফাইনাল ম্যাচের বিরতিতে বিশ্ববাসীকে স্তব্ধ করতে একই মঞ্চে হাজির হচ্ছেন পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা পপ ও রক তারকারা। বিনোদন দুনিয়ার এই মেগা ইভেন্টে কারা থাকছেন, তা নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনার শেষ নেই। এই ঐতিহাসিক পরিবেশনায় দর্শক মাতাতে একই মঞ্চে হাজির হচ্ছেন ল্যাটিন কুইন শাকিরা, পপ স্টার জাস্টিন বিবার, পপসম্রাজ্ঞী ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। বিশ্বকাপের উদ্বোধনী আসরে ঝড় তোলার পর কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা আবারও ফিরছেন ফাইনালের মঞ্চে এবং এবার নাইজেরিয়ান তারকা বার্না বয়ের সাথে তাঁর যৌথ গান 'দাই দাই' দিয়ে স্টেডিয়াম মাতাবেন, যা ইতোমধ্যে বিশ্বজুড়ে সংগীত চার্টের শীর্ষে রয়েছে। অন্যদিকে দীর্ঘ চার বছর পর চলতি বছরের শুরুতে কোচেলা উৎসবের মাধ্যমে মঞ্চে ফেরা জাস্টিন বিবার এবার কাঁপাবেন ফিফা বিশ্বকাপের ফাইনাল। এই মেগা ইভেন্ট নিয়ে উচ্ছ্বসিত বিবার জানান, ফিফা বিশ্বকাপ এমন একটি আসর, যা পৃথিবীর মানুষকে অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি একত্রিত করে। ভক্তরা আশা করছেন তাঁর জনপ্রিয় গান ‘বেবি’ বা ‘নেভার সে নেভার’-এর সুরে মুখরিত হবে নিউইয়র্কের গ্যালারি। এর পাশাপাশি বিশ্বজুড়ে কোটি তরুণ-তরুণীর হার্টথ্রব দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড 'বিটিএস' এবং চিরসবুজ পপ আইকন ম্যাডোনাও এই ঐতিহাসিক পারফরম্যান্সের অংশ হিসেবে মঞ্চ শেয়ার করবেন বাকি তারকাদের সাথে।
বিশ্বখ্যাত ব্যান্ড 'কোল্ডপ্লে'-এর ক্রিস মার্টিন নিজে এই ঐতিহাসিক হাফটাইম শো-টির কিউরেশন বা পরিকল্পনা করছেন। তাঁর সাথে এই আয়োজনে আরও যোগ দিচ্ছেন বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল, কোল্ডপ্লে ও পিএস২২ কোরাস এবং ছোটদের প্রিয় অনুষ্ঠান 'সিসেমি স্ট্রিট'-এর মাপেট চরিত্রগুলো। তবে এই আয়োজনটি শুধুই বিনোদনের জন্য নয়, এর পেছনে রয়েছে একটি মহৎ উদ্দেশ্য। 'ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড'-এর জন্য প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহের লক্ষ্য নিয়ে এই মেগা শো আয়োজন করা হচ্ছে, যা বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় ব্যয় করা হবে। একদিকে মাঠে মেসি-এমবাপ্পেদের গোল্ডেন বুটের লড়াই, আর অন্যদিকে শাকিরা-বিবার-বিটিএসদের সুরের মূর্ছনা—সব মিলিয়ে আগামী ১৯ জুলাই ফুটবল ও বিনোদনপ্রেমীরা সাক্ষী হতে যাচ্ছেন এক ঐতিহাসিক রাতের!
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more