প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৯, ২০২৬, ৮:০৪ এ.এম
ব্রাজিলের সামনে দুই বিশ্ব চ্যাম্পিয়ন
অ-অ+
অনলাইন ডেস্ক:
২৪ বছরের বিশ্বকাপ খরা কাটিয়ে ষষ্ঠ শিরোপা বা 'হেক্সা' জয়ের মিশনে কার্লো আনচেলত্তির ব্রাজিলের ওপর এখন কৌশলগত ও মানসিক চাপ তুঙ্গে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে গ্রুপ 'সি' চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠলেও, ৪৮ দলের এই নতুন ও কঠোর টুর্নামেন্টে এখন সামান্য একটি ভুলই ডেকে আনতে পারে বিদায়। টুর্নামেন্টের বর্তমান লাইন-আপ অনুযায়ী, ফাইনালের টিকিট পেতে হলে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতেই সেলেসাওদের অন্তত দুটি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলের কঠিন বাধা পার করতে হবে। এই মিশন সফল করতে আজ রাতে যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে শেষ ৩২-এর ম্যাচে সুশৃঙ্খল জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি তার শিষ্যদের সতর্ক করে বলেছেন যে, এখন থেকে প্রতিটি ম্যাচই একেকটি ফাইনাল এবং জাপানের শৃঙ্খলা ও তীব্রতাকে সমীহ না করলে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন ভেস্তে যেতে পারে।
আজকের ম্যাচে জয় পেলে শেষ ১৬-র লড়াইয়ে ব্রাজিল মুখোমুখি হবে নরওয়ে অথবা আইভরি কোস্টের। তবে আসল পরীক্ষা শুরু হবে কোয়ার্টার ফাইনাল থেকে, যেখানে সবকিছু ঠিকঠাক চললে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এরপর সেমিফাইনালে সেলেসাওদের জন্য অপেক্ষা করছে টুর্নামেন্টের সবচেয়ে বড় মহারণ বা 'সুপারক্লাসিকো', যেখানে তাদের দেখা হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে। লিওনেল মেসির দলও গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে রয়েছে। আগামী ১৯ জুলাইয়ের ফাইনালে উঠতে হলে ব্রাজিলকে তাই কেবল নিজেদের চেনা ছন্দে খেললেই চলবে না, বরং আধুনিক ফুটবলের সেরা পরাশক্তিদের হারিয়েই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more