প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৩, ২০২৬, ২:১৭ পি.এম
চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ
অ-অ+
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন নেতৃত্ব নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রাঙ্গণে শুরু হওয়া এই ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে চলছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। চলচ্চিত্রের এই মহোৎসবে ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন করছেন। মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন গত কমিটির কেউ এবার নির্বাচনে অংশ না নেওয়ায়, সমিতির নেতৃত্বে আসছে সম্পূর্ণ নতুন মুখ। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটির মধ্যে আরমান ও রুমানা ইসলাম মুক্তি নেতৃত্বাধীন প্যানেল এবং শিবা সানু ও জয় চৌধুরী নেতৃত্বাধীন প্যানেল ভোটারদের নজর কাড়ছে। এ ছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইউসুফ খান। নির্বাচনের পরিবেশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু বলেন, "শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করছি কোনো বিশৃঙ্খলা ছাড়াই ভোটাররা তাদের রায় দিতে পারবেন।" সকাল থেকেই এফডিসি চত্বর সরগরম হয়ে উঠেছে তারকাদের পদচারণায়। প্রিয় শিল্পীকে ভোট দিতে এবং সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন চলচ্চিত্রের কলাকুশলীরা। দুপুরের নামাজের জন্য বেলা ১টা থেকে ১ ঘণ্টা ভোটগ্রহণ বিরতি দেওয়া হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শেষে আজ রাতেই গণনা সম্পন্ন হবে এবং ফলাফল ঘোষণা করা হবে। রুপালি পর্দার শিল্পীরা শেষ পর্যন্ত কার হাতে সমিতির দায়িত্ব তুলে দেন, তা জানতে এখন অপেক্ষা ফলাফলের।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more