দিল্লিতে ছাত্র বিক্ষোভ: ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে জনস্রোত
Date: 2026-07-21
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২১, ২০২৬, ৪:০৮ এ.এম
দিল্লিতে ছাত্র বিক্ষোভ: ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে জনস্রোত
অ-অ+
অনলাইন ডেস্ক:
ভারতের নয়াদিল্লিতে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের জেরে সৃষ্ট ক্ষোভে নজিরবিহীন ছাত্র বিক্ষোভের ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত এই বিক্ষোভে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ যন্তর মন্তর থেকে ব্যারিকেড ভেঙে সরাসরি সংসদ ভবনের দোরগোড়ায় পৌঁছে যান।
সাম্প্রতিক ‘নিট’ (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে অনলাইনভিত্তিক যুব সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ডাকে এই সংসদ ভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হয়। আন্দোলনের শুরু থেকেই যন্তর মন্তর ও এর আশপাশে ব্যাপক জনসমাগম ঘটতে থাকে। এর আগে গত ১৮ জুলাই ২০ দিন ধরে চলা অনশনরত অধিকারকর্মী সোনম ওয়াংচুককে পুলিশ জোরপূর্বক তুলে দেওয়ায় বিক্ষোভের আগুনে নতুন মাত্রা যোগ হয় এবং সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আরও ব্যাপকভাবে এই আন্দোলনে সংহতি জানান।
নয়াদিল্লিতে তিন হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন, কয়েক স্তরের ব্যারিকেড এবং ইন্টারনেট সেবা আংশিক বা পুরোপুরি নিয়ন্ত্রণ করার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপ্রস্তুত করে তোলেন বিক্ষোভকারীরা। ‘নেতৃত্বহীন’ এই বিশাল জনস্রোত যন্তর মন্তর থেকে রাইসিনা মার্গ হয়ে সরাসরি সংসদ ভবনের দিকে এগিয়ে যায়। সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই এই উত্তাল পরিস্থিতি তৈরি হয়। সংসদ প্রাঙ্গণ থেকে মাত্র ১০০ মিটার দূরে বাস আড়াআড়ি রেখে পুলিশ পথ আটকাতে সচেষ্ট হয় এবং একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
হাজার হাজার বিক্ষোভকারীর এমন আকস্মিক ও জোরালো উপস্থিতিতে নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। উদ্ভূত পরিস্থিতিতে সংসদের ভেতরে এনডিএ সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরা দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করেন। বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মধ্যে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সরকার প্রথম থেকেই পরিস্থিতি সামাল দিতে কিছু মহলে নমনীয় ও যোগাযোগের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more