দেশব্যাপী ৩৩ হাজার গ্রেপ্তার: বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার
Date: 2026-07-13
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৩, ২০২৬, ১:০৬ পি.এম
দেশব্যাপী ৩৩ হাজার গ্রেপ্তার: বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার
অ-অ+
অনলাইন ডেস্ক:
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ অভিযানে ব্যাপক সাফল্য এসেছে। গত আড়াই মাসের এই চলমান অভিযানে সারাদেশে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এছাড়া অন্যান্য নিয়মিত মামলা ও অভিযানগুলোতে গ্রেপ্তার হয়েছেন আরও ৮৩ হাজার ৮১৭ জন।
সোমবার (১৩ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া) মো: শাহদাত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়, গত ১ মে থেকে ১২ জুলাই ২০২৬ পর্যন্ত চালানো এই বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল এবং ২ কেজি গান পাউডার। এছাড়াও ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— ৭৬টি পিস্তল, ৩০টি শুটারগান, ৩৩টি এলজি, ১৮টি রিভলবার, ৫০টি বন্দুক, ১৫টি পাইপগান, ৪টি শটগান, ২টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান ও ১টি পেনগান। অস্ত্র উদ্ধারের পাশাপাশি এই সময়ে দেশজুড়ে মাদকবিরোধী অভিযানও জোরদার করেছে পুলিশ। অভিযানে ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশী মদ, ৩৫৪ বোতল দেশী মদ এবং ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজাসহ বিপুল পরিমাণ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য উদ্ধারের এসব ঘটনায় মোট ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে গ্রেপ্তার হয়েছেন ২০ হাজার ৪৩৯ জন।
আইনশৃঙ্খলা বাহিনীর এই ব্যাপক তৎপরতা জনমনে কিছুটা স্বস্তি ফেরালেও, উদ্ধারকৃত অস্ত্রের ধরন ও মাদকের বিশাল পরিমাণ দেশে অপরাধ চক্রের গভীর শেকড় থাকার ইঙ্গিত দিচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more