প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৩, ২০২৬, ৯:৪৬ এ.এম
হাসপাতালে বাড়ছে ডায়ালাইসিস সেবা
অ-অ+
অনলাইন ডেস্ক:
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি নতুন ডায়ালাইসিস বেড যুক্ত করা হচ্ছে। জেলা সদর হাসপাতালে স্থাপন করা হবে ১০টি করে বেড এবং প্রতিটি উপজেলা হাসপাতালে ১০টি ডায়ালাইসিস বেডের ব্যবস্থা করা হবে।
মন্ত্রী আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্র্যাক আয়োজিত ‘সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ)’ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরও জানান, চলতি বছরের মধ্যে প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে। এজন্য প্রয়োজনীয় সরঞ্জাম আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলতি মাসেই টেন্ডার আহ্বান করা হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে সিজারিয়ান অপারেশনের হার অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। একটি দালাল চক্র মায়েদের সরাসরি অস্ত্রোপচারকারী চিকিৎসকদের কাছে নিয়ে যাচ্ছে। এতে শিশুদের শালদুধ খাওয়ানো ব্যাহত হচ্ছে, যা পুষ্টি ও ভিটামিনের ঘাটতি তৈরি করছে।
তিনি বলেন, “সিজারিয়ান অপারেশন এখন দালাল চক্রের হাতে চলে যাচ্ছে। দালালদের দৌরাত্ম্য বন্ধ করে স্বাভাবিক প্রসবের সংস্কৃতি ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।” মা ও শিশুদের সুরক্ষায় প্রশিক্ষিত মিডওয়াইফ ও পরিচর্যাকারীদের নিয়োগ দেওয়া হবে, যারা আধুনিক স্ক্রিনিং মেশিন নিয়ে গ্রামে গ্রামে সেবা পৌঁছে দেবেন।
অনুষ্ঠানে ব্র্যাক জানায়, লেগো ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারত্বে পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের আওতায় বাংলাদেশ ও উগান্ডার চার লাখ শিশু খেলাভিত্তিক শিক্ষা, প্রাক-প্রাথমিক-প্রাথমিক শিক্ষা, জীবনদক্ষতা ও কারিগরি প্রশিক্ষণ পাবে। বাংলাদেশে জুন ২০২৪ থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে চলমান দুর্ভোগের মধ্যেও শিশুদের মানসিক স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার কথা তুলে ধরেন। এই উদ্যোগগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা ও শিশু বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more