প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৮, ২০২৬, ৬:১৬ এ.এম
দেশজুড়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু
অ-অ+
অনলাইন ডেস্ক:
শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং অন্ধত্ব প্রতিরোধে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন। সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
এবারের ক্যাম্পেইনের আওতায় সারা দেশে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ কোটিরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস (১ থেকে ৫ বছর) বয়সী শিশুদের একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সকাল থেকে একযোগে দেশের সবকটি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়। সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চঘাট এবং ফেরিঘাটের মতো জনাকীর্ণ স্থানে ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ভিটামিন ‘এ’ কেবল শিশুদের অন্ধত্ব থেকেই রক্ষা করে না, বরং এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন নির্ধারিত বয়সের কোনো শিশু এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে। তবে অসুস্থ বা তীব্র জ্বরে আক্রান্ত শিশুদের সুস্থ হওয়ার পর এই ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে এই কর্মসূচি সফল করতে কয়েক লাখ স্বেচ্ছাসেবী ও স্বাস্থ্যকর্মী মাঠপর্যায়ে নিরলস কাজ করে যাচ্ছেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more