প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ৩০, ২০২৬, ৪:৫৩ এ.এম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন
অ-অ+
অনলাইন ডেস্ক:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুচিয়ামোড়া সেতুর ওপর চলন্ত একটি যাত্রীবাহী বাসে হঠাৎ ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে বাসের চালকের বুদ্ধিমত্তা এবং ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ অভিযানের কারণে অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা যাত্রীরা। এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত সোমবার (২৯ জুন) রাত ১১টা ৮ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে মোবাইল ফোনের মাধ্যমে বাসে আগুন লাগার খবর আসে। গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা 'এভার গ্রিন পরিবহন'-এর একটি চলন্ত বাস কুচিয়ামোড়া সেতুর ওপর পৌঁছালে হঠাৎ এতে আগুন ধরে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা অত্যন্ত তৎপরতার সাথে অল্প সময়ের মধ্যেই বাসের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসে আগুনের সূত্রপাতের পরপরই চালক পরিস্থিতি বুঝতে পেরে গাড়িটি দ্রুত রাস্তার নিরাপদ স্থানে থামিয়ে দেন। এতে বাসে থাকা সব যাত্রী আতঙ্কিত না হয়ে নিরাপদে ও দ্রুত নেমে যেতে সক্ষম হন। ফলে কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির বৈদ্যুতিক লাইনে (শর্ট সার্কিট) ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল কাজ করছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more