ঢাকার দূষণ মোকাবিলায় মিয়াওয়াকি পদ্ধতি অনুসরণ

Date: 2026-05-18
news-banner

অনলাইন ডেস্ক:
ঢাকার পরিবেশ দূষণ মোকাবিলায় বৃহৎ পরিসরের নগর বনায়ন কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। জাপানের জনপ্রিয় মিয়াওয়াকি পদ্ধতি অনুসরণে উত্তরা দিয়াবাড়ী এলাকায় নতুন পর্যায়ের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে, যেখানে কয়েক হাজার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৮ মে) বিকেলে দিয়াবাড়ী ৪ নম্বর ব্রিজসংলগ্ন লেকপাড় এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এর আগে প্রকল্পের প্রথম ধাপে প্রায় ১৪ হাজার গাছ রোপণ সম্পন্ন হয়। এবার দ্বিতীয় ও তৃতীয় ধাপে আরও প্রায় ৩৯ হাজারের বেশি গাছ লাগানো হবে বলে জানানো হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বনায়নে ফলজ, ঔষধি, কাঠজাত, ফুল ও শোভাবর্ধনকারীসহ প্রায় ২৫০ প্রজাতির দেশীয় গাছ অন্তর্ভুক্ত করা হচ্ছে। পুরো এলাকায় বায়োফিলিক ডিজাইন অনুসরণ করে প্রাকৃতিক পরিবেশের অনুভূতি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া হাঁটার পথ, টিলাসদৃশ সবুজ অঞ্চল ও লেকপাড় ঘেঁষে সবুজ বেষ্টনী গড়ে তোলা হচ্ছে।
মাটির গুণগত মান উন্নত করতে বিশেষভাবে প্রস্তুত দোআঁশ মাটির সঙ্গে জৈব সার, ভার্মি কম্পোস্ট, কোকোডাস্ট ও অন্যান্য উপাদান ব্যবহার করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ বনায়ন নগরবাসীর জন্য একটি প্রাকৃতিক বিশ্রামস্থল হিসেবে কাজ করবে এবং বায়ুদূষণ কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এই উদ্যোগ বাস্তবায়নে বন অধিদপ্তরসহ বিভিন্ন পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। পরিবেশ ও বায়ুমান বিশ্লেষণে বিশেষজ্ঞদেরও যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
ডিএনসিসি জানিয়েছে, আগামী পাঁচ বছরে রাজধানীতে ৫ লাখ গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে চলতি বছরের মধ্যেই ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


তথ্য-জাগোবিডি/
বিডিফেস/ মেহেদী হাসান দ্বীপ

Leave Your Comments