প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০১, ২০২৬, ১১:১৭ পি.এম
ঢাবিতে নীল দল নিষিদ্ধের দাবিকে 'প্রতিহিংসা' আখ্যা
অ-অ+
অনলাইন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন 'নীল দল' নিষিদ্ধ করার দাবিকে রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত বলে আখ্যায়িত করেছে সংগঠনটি। একই সঙ্গে নীল দল নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের পক্ষ থেকে চার সদস্যের একটি কমিটি গঠনের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
শনিবার নীল দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক জিনাত হুদা স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, এ ধরনের দাবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিরই একটি অপচেষ্টা। প্রতিবাদলিপিতে আরও বলা হয়, চব্বিশের কোটা সংস্কার আন্দোলনে নীল দলের ভূমিকা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভ্রান্ত তথ্য ছড়ানো হচ্ছে। মূলত রাজনৈতিক বিদ্বেষ থেকেই বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন 'সাদা দল' এ অযৌক্তিক দাবি তুলেছে।
সংগঠনটি আরও দাবি করে, ২৩১ জন শিক্ষক এবং অসংখ্য কর্মকর্তা-কর্মচারীকে শাস্তির আওতায় আনতে গঠিত চার সদস্যের কমিটি একটি ‘আত্মঘাতী পদক্ষেপ’। এটি ভবিষ্যতে রাজনৈতিক ভিন্নমতের কারণে যেকোনো শিক্ষক বা গোষ্ঠীর বাক্স্বাধীনতা ও পেশাগত স্বার্থ ক্ষুণ্ন করার হাতিয়ার হতে পারে। ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ অনুযায়ী শিক্ষকরা স্বাধীনভাবে নিজেদের রাজনৈতিক ভাবাদর্শ ও দল গঠন করার অধিকার রাখেন বলেও নীল দল স্মরণ করিয়ে দেয়।
উল্লেখ্য, এর আগে গত ২৭ জুলাই উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়ে নীল দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানায় সাদা দল। স্মারকলিপিতে তারা গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরোধিতা করা ও বিগত বছরগুলোতে ক্যাম্পাস জুড়ে ভিন্নমতের ওপর নিপীড়নের অভিযোগ আনে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more