ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রাক্ষস

Date: 2026-03-16
news-banner

অনলাইন ডেক্স:

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘রাক্ষস’ এর ট্রেলার অবশেষে প্রকাশ পেয়েছে। ট্রেলারটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রহস্য, থ্রিল ও অ্যাকশনের মিশেলে নির্মিত এই ট্রেলার ইতিমধ্যেই কৌতূহল জাগিয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ট্রেলারে দেখা যায়, তার চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে জটিল এক দ্বন্দ্ব, যেখানে মানবিক অনুভূতি এবং অন্ধকার এক বাস্তবতার সংঘাত ফুটে উঠেছে। অন্যদিকে, এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ট্রেলারে তাকে দেখা গেছে রহস্যময় ও আবেগঘন এক চরিত্রে।
তবে ট্রেলারের শেষের একটি দৃশ্য বিশেষভাবে দর্শকদের দৃষ্টি কাড়ে। সেখানে কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় টাক মাথা ও শরীরজুড়ে ট্যাটু করা এক ভয়ংকর ভিলেনকে। তার উপস্থিতি ও অভিব্যক্তি ট্রেলারের আবহকে আরও তীব্র করে তোলে। কিন্তু ওই চরিত্রে কে অভিনয় করেছেন- তা নিয়ে শুরু হয় নেটিজেনদের নানা জল্পনা।
সামাজিক মাধ্যমে কেউ ধারণা করছেন এটি নতুন কোনো অভিনেতা, আবার কেউ মনে করছেন পরিচিত কাউকে ভিন্ন লুকে উপস্থাপন করা হয়েছে। নির্মাতারা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বলায় রহস্য আরও বেড়ে যায়।
তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সেই রহস্যময় ভিলেন চরিত্রেও অভিনয় করেছেন সিয়াম আহমেদ নিজেই। বিশেষ প্রস্থেটিক মেকআপের মাধ্যমে তাকে সম্পূর্ণ ভিন্ন রূপে উপস্থাপন করা হয়েছে। জানা গেছে, সিনেমাটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে-যেখানে নায়ক ও প্রধান খলনায়ক দুই ভূমিকাতেই থাকছেন সিয়াম।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত অ্যাকশন, থ্রিল ও রহস্যধর্মী এই সিনেমাটি ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এতে সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জির পাশাপাশি অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডল, সাদনিমা নোমান, বলিউডের শাতাফ ফিগার এবং কলকাতার শ্যাম ভট্টাচার্য্যসহ আরও অনেকে।
জানা গেছে, ছবিটি আগামীকাল রোববার সেন্সর বোর্ডে সার্টিফিকেশনের জন্য জমা দেওয়ার কথা রয়েছে। এখন দর্শকদের অপেক্ষা বড় পর্দায় ‘রাক্ষস’-এর আসল চমক দেখার।

 

তথ্য-বিডিপ্রতিদিন

বিডিফেস/সুমাইয়া শিমু

Leave Your Comments