ঈদে বাড়ি ফেরা হলো লাশ হয়ে

Date: 2026-03-17
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পবিত্র ঈদকে সামনে রেখে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছিলেন মো. সৈকত (২৩)। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ পথ। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এই তরুণ। বুধবার সকাল ৮টা ২০ মিনিটে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার রুহিতারপাড় এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুই চালক।
নিহত সৈকত পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি ঢাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। আহত অপর মোটরসাইকেল চালক আলাউদ্দিন (৪৫) বরিশালের কাউনিয়া থানার লাকুটিয়া এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (ব্র‍্যাক)-এর কর্মকর্তা।MFGwOoD.jpeg
স্থানীয়দের ভাষ্য, বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে দুজনই সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন।
আহত আলাউদ্দিনের অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম সোহেল রানা জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave Your Comments