অনলাইন
ডেক্স: কুমিল্লার
হোমনা উপজেলা-এ সংঘটিত এক গৃহবধূ ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন
আরও তীব্র হয়েছে। নির্ধারিত ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হলেও মূল আসামি এখনও ধরা না পড়ায়
ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থী ও স্থানীয়রা। সোমবার
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়। হোমনা সরকারি
উচ্চ বিদ্যালয়, হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়
এবং খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়-এর শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে উপজেলা
সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন
করে। এক
পর্যায়ে শিক্ষার্থীরা থানার ভেতরে ঢোকার চেষ্টা করলে চাপাচাপির মধ্যে প্রধান ফটকটি
ভেঙে পড়ে। এতে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আসে। এর
আগে রোববার থেকেই শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিযুক্ত আশিকুর রহমানের
গ্রেপ্তারের দাবিতে আন্দোলন শুরু করে। বিক্ষোভ সমাবেশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে ২৪
ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। আন্দোলনকারীরা
দ্রুত আসামিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন,
দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও বিস্তৃত হবে। এ
বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টমাস বড়ুয়া জানান, গেট ভাঙার ঘটনাটি অনিচ্ছাকৃত
এবং ভিড়ের চাপে এমনটি ঘটেছে। তিনি বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত
রয়েছে এবং তার অবস্থান শনাক্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি
ওই এলাকায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে, যা জনমনে ব্যাপক ক্ষোভের
জন্ম দিয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more