প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৬, ২০২৬, ১২:০০ পি.এম
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি ইরানের
অ-অ+
অনলাইনডেস্ক:
মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নতুন কোনো সামরিক উসকানি বা আগ্রাসন ঘটলে গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে কেশম ও সিরি দ্বীপে তাদের যোগাযোগ অবকাঠামোর ওপর ড্রোন হামলা চালানো হয়। এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে তাৎক্ষণিক পাল্টা পদক্ষেপ নেওয়ার দাবি করেছে বাহিনীটি।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, তাদের অ্যারোস্পেস ইউনিট কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এদিকে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচল নিয়েও উত্তেজনার কথা জানিয়েছে ইরান। দেশটির দাবি, স্থানীয় সময় গভীর রাতে প্রণালি অতিক্রমের চেষ্টা করা চারটি তেলবাহী জাহাজকে থামার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ অমান্য করায় একটি জাহাজের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হয় এবং পরবর্তী সময়ে বাকি তিনটি ট্যাংকার সরে যায়।
এর কিছুক্ষণ পর কেশম ও সিরি দ্বীপে আইআরজিসির দুটি টেলিযোগাযোগ টাওয়ারে ড্রোন হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। ইরান বলছে, এই হামলার প্রতিক্রিয়াতেই মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঘটলে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে। প্রয়োজন হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন করিডর হরমুজ প্রণালিতে নৌযান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের উল্লেখযোগ্য অংশ হরমুজ প্রণালির মাধ্যমে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে সংঘাত বৃদ্ধি পেলে আন্তর্জাতিক জ্বালানি বাজার, তেলের দাম এবং বৈশ্বিক বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more