প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০১, ২০২৬, ১১:৩২ পি.এম
জিনের বাদশা সেজে ১০ লাখ টাকা হাতিয়ে নিল চক্র
অ-অ+
অনলাইন ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে আধ্যাত্মিক সমাধানের চটকদার বিজ্ঞাপন, অলৌকিক ভয়ভীতি আর অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে এক গৃহবধূর কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের পর্দা উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ‘জিনের বাদশা’ পরিচয়ে চালানো এই প্রতারণা মামলায় ২৩ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ রহিমা বেগমের স্বামী সৌদি আরবে কর্মরত ছিলেন। সেখানে ভিসা জটিলতায় আটকে থাকা ৩৫ লাখ টাকা উদ্ধারের প্রলোভন দেখিয়ে ২০২২ সালে চক্রটি তাঁর সঙ্গে যোগাযোগ তৈরি করে। ফেসবুক ও ইউটিউবে ‘হাবিবুল্লাহ হুজুরের দরবার শরীফ’সহ বিভিন্ন নামে চটকদার বিজ্ঞাপন দেখে ভুক্তভোগী তাদের খপ্পরে পড়েন।
তদন্তে জানা গেছে, প্রতারকেরা নিজেদের আধ্যাত্মিক সাধক দাবি করে ৭২ ঘণ্টার মধ্যে পাওনা টাকা এনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরপর তথাকথিত জিনের শনি কাটাতে 'ভুটানি গরুর দুধ', 'রত্নময়ী আংটি', আগুনে ছোঁয়া বিশেষ শাড়ি এবং বিদেশি জাতের আবাবিল পাখি ও শকুন কেনার কথা বলে ধাপে ধাপে ১০ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। চক্রটি কণ্ঠ বিকৃত করে ভয়ভীতি দেখাত এবং বিষয়টিকে গোপনীয় রাখতে ধর্মের দোহাই ও সন্তানহানির হুমকি দিত।
সম্পূর্ণ অর্থ খুইয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই গৃহবধূ। পরবর্তীতে তিনি রাজধানীর তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পিবিআই গাজীপুর, নারায়ণগঞ্জ ও ভোলা থেকে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করে। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অলৌকিক ক্ষমতার প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা প্রতারণার কথা স্বীকার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. সজিবুল হাসান জানান, চক্রটি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিত। ২৩ জন আসামির মধ্যে বেশিরভাগেরই বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিনে। গ্রেপ্তার ৩ আসামি বর্তমানে জামিনে থাকলেও পলাতক ২০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more