কলাপাড়ায় এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Date: 2026-05-19
news-banner

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মো. মুকুল খান (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার আন্ধারমানিক নদীর ওপর নির্মিত সেতু সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মুকুল খান বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আটটাকি গ্রামের বাসিন্দা। তিনি মো. সোবাহান খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে মুকুল খানকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

Leave Your Comments