কলাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন, কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড

Date: 2026-05-25
news-banner

নিজস্ব প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ মে) রাত ১১টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী এলাকায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত মোকছেদুল আলম (৩৫) ওই কারখানার মালিক।
অভিযানকালে কারখানা থেকে প্রায় পাঁচ হাজার পিস ফ্রুট জেলি, রোবো আইসক্রিম এবং এসব পণ্য তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ জব্দ করা হয়। পরে জব্দ করা পণ্যগুলো ধ্বংস করা হয় বলে জানিয়েছে প্রশাসন।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক জানান, অস্বাস্থ্যকর পরিবেশে রাতের আঁধারে এসব শিশু খাদ্য তৈরি করে উপজেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় সরবরাহ করা হতো। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ ও ভেজাল খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হামিদ বলেন, “শিশু খাদ্যের নামে ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে শিশু খাদ্য উৎপাদনের অভিযোগ থাকা কারখানাটিতে প্রশাসনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave Your Comments