কিস্তির টাকা নিয়ে অপমানের অভিযোগ, বাউফলে নারীর মৃত্যু
Date: 2026-06-09
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৯, ২০২৬, ১:৫০ পি.এম
কিস্তির টাকা নিয়ে অপমানের অভিযোগ, বাউফলে নারীর মৃত্যু
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে অপমানিত হওয়ার অভিযোগের পর এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শিকদার বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট এনজিও কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। নিহত সোনিয়া বেগম (৩০) উপজেলার দাসপাড়া ইউপির ৫নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি কৃষক মনির শিকদারের স্ত্রী। তাদের একমাত্র ছেলে মেহেদী হাসান সিজান কুরআনের হাফেজ বলে পারিবারিক সূত্রে জানা গেছে। স্বজনদের দাবি, রোববার সকালে সোনিয়া বেগম গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা পরিশোধের জন্য ৩ হাজার ৫০০ টাকার মধ্যে ২ হাজার ৫০০ টাকা জমা দেন। বাকি টাকা পরিশোধ করতে না পারায় সংশ্লিষ্ট এনজিওর মাঠ কর্মকর্তা তাকে গালমন্দ করেন। ওই সময় তিনি ওই মাঠ কর্মীকে ১হাজার টাকা বিকাশে পরিশোধ করার কথা জানান। পরে বাড়ীতে এসে স্বামীকে দেখতে না পেয়ে তিনি মুগডাল খেতে ব্যবহৃত পোকা দমনের ঔষধ (বিষপান) করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার আগেই চিকিৎসাধীন অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইরফান উদ্দিন বলেন, “রোগীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।” এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।” ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট এনজিওর মাঠ কর্মকর্তার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টিও তদন্ত করে দেখা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more