মাজারে হামলা-চুরি; ১৫০ জামায়াত কর্মীর নামে মামলা

Date: 2026-05-17
news-banner

অনলাইন ডেস্ক:
ঢাকার রাজধানী মিরপুরে অবস্থিত হজরত শাহ আলী (র.) মাজার এলাকায় সংঘর্ষ ও চুরির অভিযোগে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় শাহ আলী থানায় মামলাটি করেন মাজারে নিয়মিত আগত এক নারী ভক্ত।
পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে মাজারে হামলা, ভাঙচুর, জিয়ারতকারীদের মারধর এবং অর্থ লুটের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত ১৪ মে গভীর রাতে একদল লোক লাঠিসোঁটা নিয়ে মাজারে প্রবেশ করে সেখানে অবস্থানরত ভক্তদের ওপর হামলা চালায়। হামলাকারীরা মাজারের বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে এবং দর্শনার্থীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
বাদীর অভিযোগ, হামলার সময় তাকে মারধর করা হয় এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটে। আহত কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ডিএমপির মিরপুর বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।
 
তথ্য-জাগোবিডি/ বিডিফেস/ মেহেদী হাসান দ্বীপ

Leave Your Comments