প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০১, ২০২৬, ১:৪৪ পি.এম
মোরেলগঞ্জে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অ-অ+
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে মেহগনি গাছ থেকে জাহিদুল ইসলাম (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) ভোরে উপজেলার ১০ নম্বর হোগলাবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
নিহত জাহিদুল ইসলাম ওই এলাকার মনিরুল ইসলামের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে বাড়ি থেকে প্রায় ৬০০ গজ দূরে রাস্তার পাশে জাহিদুলকে একটি মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এক নারী। তার চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন এবং নিহতের পরিবারের স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এমন মর্মান্তিক দৃশ্যে নিহতের পরিবারে কান্নার রোল পড়ে যায় এবং শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।
খবর পেয়ে মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্ত ও সুরতহাল প্রতিবেদন তৈরির পর বেলা ১১টা ৩০ মিনিটের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এলাকাবাসীর একাংশের মতে, আগের দিনও জাহিদুলকে এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখা গেছে। হঠাৎ তার এমন মৃত্যুকে স্বাভাবিক বলে মেনে নিতে পারছেন না স্থানীয়রা। এটি আত্মহত্যা, নাকি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে সৃষ্টি হয়েছে নানামুখী জল্পনা-কল্পনা। ঘটনার নেপথ্যের প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।”
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more