প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০১, ২০২৬, ৪:৩০ এ.এম
অসুস্থতা লুকিয়ে শেষ শুটিং: জাফর ইকবালের
অ-অ+
অনলাইন ডেস্ক:
ঢালিউডের একসময়ের তুমুল জনপ্রিয় ও রোমান্টিক জুটি জাফর ইকবাল ও ববিতা। রুপালি পর্দার রসায়নের পাশাপাশি ব্যক্তিজীবনের সম্পর্ক নিয়েও আলোচনা-গুঞ্জনের কমতি ছিল না তাঁদের। ১৯৯২ সালের ৮ জানুয়ারি অকালে প্রাণ হারানো এই ক্ষণজন্মা নায়কের শেষ দিনগুলোর এক করুণ ও অজানা স্মৃতি সম্প্রতি স্মৃতিচারণ করেছেন বরেণ্য অভিনেত্রী ববিতা। ক্যারিয়ারের শেষ প্রান্তে কাজের প্রতি অমনোযোগী হয়ে পড়া জাফর ইকবালকে প্রযোজকেরা যখন নেওয়ার ঝুঁকি নিচ্ছিলেন না, তখন নিজে উদ্যোগী হয়ে বাদল খন্দকারের একটি চলচ্চিত্রে তাঁর অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন ববিতা। সেটিই ছিল পর্দায় এই জুটির শেষ কাজ।
সেই চলচ্চিত্রের শুটিং সেটে এক নাটকীয় ও নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল। দৃশ্যটি ছিল হাসপাতালের দৃশ্য—যেখানে ববিতা চিকিৎসক আর জাফর ইকবাল বিছানায় শোয়া রোগী। অথচ ববিতা তখন ঘুণাক্ষরেও জানতে পারেননি, অভিনয়ের সেই বিছানাটি কেবল দৃশ্যপট ছিল না, বরং সত্যিই মরণব্যাধি ক্যানসারের যন্ত্রণা লুকিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন জাফর ইকবাল। ববিতার মনে সন্দেহ জেগেছিল, উদাসীন ও শারীরিকভাবে ভাঙাচোরা দেখাচ্ছিল প্রিয় সহশিল্পীকে। কিন্তু নিজের মরণব্যাধির কথা সেদিন কারও কাছে প্রকাশ করেননি এই চিরসবুজ নায়ক।
শুটিংয়ের কিছুদিন পর জাফর ইকবাল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। সেদিন ববিতা বুঝতে পারেন, মারাত্মক শারীরিক যন্ত্রণা চেপে রেখেই তাঁর সঙ্গে সেই বিশেষ দৃশ্যটির চিত্রধারণ সম্পন্ন করেছিলেন চিত্রনায়ক। খবরটি পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই অভিনেত্রী। পরবর্তীতে এফডিসিতে শেষবিদায় জানাতে গিয়ে সাদা শাড়িতে দেখা মেলে ববিতার, যা ঢালিউডের ইতিহাসে এক চিরন্তন ও করুণ স্মৃতির অধ্যায় হয়ে আছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more