মত-পথ ভিন্ন, সম্পর্ক অটুট: ছাত্রদল নেতার বিয়েতে এমপি মাসুদের উপহার
Date: 2026-06-01
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০১, ২০২৬, ১:১৫ পি.এম
মত-পথ ভিন্ন, সম্পর্ক অটুট: ছাত্রদল নেতার বিয়েতে এমপি মাসুদের উপহার
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: রাজনৈতিক ভিন্নমতের ঊর্ধ্বে উঠে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিকতার অনন্য নজির স্থাপন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিয়ে উপলক্ষে শুভেচ্ছা ও ভালোবাসার নিদর্শন হিসেবে উপহার পাঠিয়েছেন তিনি। সোমবার (১ জুন) দুপুরে বাউফল নির্বাচন কমিশন মাঠে আয়োজিত বৌভাত অনুষ্ঠানে এমপির পক্ষ থেকে নবদম্পতির জন্য উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাবেক পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নুর। এ সময় তিনি নবদম্পতির সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের শুভকামনা জানিয়ে ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের হাতে উপহার তুলে দেন। উপহার গ্রহণ শেষে আব্দুল্লাহ আল ফাহাদ ড. শফিকুল ইসলাম মাসুদ ও তাঁর প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন মানুষের আনন্দঘন মুহূর্তে পাশে দাঁড়ানোর এই সৌজন্য সত্যিই প্রশংসনীয়।” স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এ ধরনের সৌজন্যমূলক উদ্যোগ পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির ইতিবাচক বার্তা বহন করে। তারা মনে করেন, ভিন্ন রাজনৈতিক ধারার একজন জনপ্রতিনিধির পক্ষ থেকে ছাত্রদল নেতার বিয়েতে শুভেচ্ছা উপহার পাঠানো বাউফলের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেকেই এ ঘটনাকে ‘রাজনীতির মানবিক মুখ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, মত ও পথের ভিন্নতা থাকলেও সামাজিক সম্পর্ক, সৌজন্যবোধ ও মানবিক মূল্যবোধ যে অটুট থাকতে পারে, এই উদ্যোগ তারই উজ্জ্বল উদাহরণ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more