মুসলিম নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বাউফলে মানববন্ধন
Date: 2026-05-15
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
: ভারতসহ বিশ্বের বিভিন্ন
দেশে মুসলমানদের ওপর নির্যাতন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন
অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে বাউফল উপজেলা পরিষদের সামনের প্রধান
সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বাউফল উপজেলা ইমাম পরিষদের
উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক
মাওলানা আইউব বিন মুসা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমাম পরিষদের সহ-সভাপতি
হাফেজ মাওলানা আনিচুর রহমান। সভাপতির বক্তব্যে অধ্যাপক
মাওলানা আইউব বিন মুসা বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যেভাবে নির্যাতন
ও মানবাধিকার লঙ্ঘন চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক। ফিলিস্তিন, ভারতসহ বিভিন্ন স্থানে
মুসলমানরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। নিরীহ মানুষ হত্যা ও ধর্মীয় নিপীড়ন কোনো সভ্য
সমাজ মেনে নিতে পারে না। আমরা শান্তিপূর্ণভাবে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে চাই,
যেন দ্রুত এসব নির্যাতন বন্ধে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করা হয়।” তিনি আরও বলেন, “মুসলিম
উম্মাহকে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রত্যেক
মানুষের নৈতিক দায়িত্ব। আমরা শান্তি, সম্প্রীতি ও মানবাধিকারের পক্ষে অবস্থান করছি।
কোনো জাতি বা ধর্মের ওপর নিপীড়ন কাম্য নয়।” মানববন্ধনে বক্তারা বলেন,
বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর নির্যাতন ও সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের
কার্যকর ভূমিকা প্রয়োজন। তারা মুসলিম নির্যাতন বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার
সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন। এসময় আরও বক্তব্য রাখেন
উপজেলা ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইমাম হোসেন, আবদুর রহিম, আবু সাইদ,
ওমর ফারুক, মুফতি মাছুম বিল্লাহ ও আল আমীন। মানববন্ধনে স্থানীয় আলেম-ওলামা,
ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more