নিষিদ্ধ সময়ে জেলেদের সহায়তায় বাউফলে খাদ্য বিতরণ

Date: 2026-04-21
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
ইলিশ আহরণে নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জীবিকা সুরক্ষায় পটুয়াখালীর বাউফলে খাদ্য সহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দুপুরে বাউফল উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে উপজেলার এক হাজার জেলে পরিবারের মাঝে এই সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ।
উপজেলা প্রশাসন জানায়, ২০২৫-২৬ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় মার্চ-এপ্রিল মাসে অভয়াশ্রম এলাকায় মাছ ধরা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য এই সহায়তা প্রদান করা হচ্ছে।

VjeHT8O.jpeg
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধ রাখা ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এই সহায়তা জেলেদের বিকল্প সহায়তা হিসেবে কাজ করবে এবং তারা আইন মেনে চলতে উৎসাহিত হবেন।
প্রতি জেলে পরিবারকে দুই মাসের জন্য নির্ধারিত খাদ্যসামগ্রী একত্রে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আটা, ডাল, ভোজ্যতেল, আলু, চিনি ও লবণ।
এ সময় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, ভবিষ্যতেও জেলেদের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave Your Comments