প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৯, ২০২৬, ৪:২৫ এ.এম
নকআউটে প্রথম দল মেক্সিকো
অ-অ+
অনলাইন ডেস্ক: নিজের চেনা মাঠ, চেনা
গ্যালারি আর নিজের ক্লাব সি.ডি গুয়াদালাহারার চত্বর—৩১ বছর বয়সী লুইস রোমোর জন্য এস্তাদিও
আকরন স্টেডিয়ামটি বড্ড আপন। কিন্তু সেই চেনা মাঠেই যে তার বিশ্বকাপ অভিষেকের গল্পটা
এভাবে রূপকথা হয়ে ধরা দেবে, তা হয়তো তিনি নিজেও ভাবেননি। ঘরের মাঠে অভিষেক ম্যাচেই
করলেন জয়সূচক গোল, আর তাতেই দক্ষিণ কোরিয়াকে ১–০ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের
প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড বা নকআউট পর্বের টিকিট নিশ্চিত করলো স্বাগতিক মেক্সিকো। ম্যাচের প্রথমার্ধটা
ছিল দুই দলের জন্যই বেশ ম্যাড়মেড়ে। মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেসের একটি হেড সহজেই
ঠেকিয়ে দেওয়া ছাড়া দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং-গিউকে তেমন কোনো বড় পরীক্ষায় পড়তে
হয়নি। অন্য দিকে টটেনহ্যাম তারকা সন হিউং-মিনের দলও মেক্সিকান ডিফেন্সে ফাটল ধরাতে
পারছিল না। তবে বিরতির ঠিক পরপরই,
ম্যাচের ৫০তম মিনিটে বদলে যায় পুরো দৃশ্যপট। দক্ষিণ কোরিয়ার ডি-বক্সের ভেতর একটি ক্রস
ক্লিয়ার করতে গিয়ে নিজেদের ডিফেন্ডারের সাথেই ধাক্কা খেয়ে বসেন কোরিয়ান গোলকিপার কিম
সুং-গিউ। হাত থেকে ফস্কে যাওয়া সেই আলগা বল বাতাসে ভাসতেই নিখুঁত এক ভলিতে জালের ঠিকানা
খুঁজে নেন লুইস রোমো। উল্লাসে ফেটে পড়ে পুরো এস্তাদিও আকরন। গোল খেয়ে মরিয়া হয়ে লড়েছিল
এশিয়ান পরাশক্তিরা। অধিনায়ক সন হিউং-মিন একবার বল জালে জড়ালেও অফসাইডের খাঁড়ায় তা বাতিল
হয়ে যায়। ম্যাচের একদম শেষ দিকে, ৮৭তম মিনিটে নাটকীয়তার চরমে পৌঁছায় লড়াই। কোরিয়ান
ফরোয়ার্ড চো গুয়ে-সুংয়ের বুলেট গতির হেড দারুণভাবে প্রতিহত করলেও বল গ্রিপে নিতে পারেননি
মেক্সিকান গোলরক্ষক রাউল রানহেল। ফিরতি বলে ইয়াং হিউন-জুনের নেওয়া শটটিও বাজপাখির মতো
ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন রানহেল। এই অবিশ্বাস্য 'ডাবল সেভ'-এই নিশ্চিত হয় মেক্সিকোর
জয়। টানা দুই জয়ে ৬ পয়েন্ট
নিয়ে 'এ' গ্রুপের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করে ফেললো মেক্সিকানরা। শেষ ম্যাচে চেক
প্রজাতন্ত্রের বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে তারা। অন্য
দিকে, ম্যাচ হারলেও দক্ষিণ কোরিয়ার আশা এখনই শেষ হয়ে যাচ্ছে না। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে
হারানোর সুবাদে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানেই আছে তারা। শেষ ম্যাচে দক্ষিণ
আফ্রিকার বিপক্ষে অন্তত এক পয়েন্ট পেলেই নকআউটের টিকিট পেতে পারে সন হিউং-মিনের দল।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more