নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: পটুয়াখালীর পায়রা সেতু টোল
প্লাজায় অতিরিক্ত পণ্যবোঝাই একটি ট্রাক পারাপারে সহায়তার অভিযোগে এক টোলকর্মীকে চাকরিচ্যুত
করা হয়েছে। একই ঘটনায় অতিরিক্ত ওজনের পণ্য পরিবহনের দায়ে ট্রাকচালককে ১৫ হাজার টাকা
জরিমানা করেছে সেতু কর্তৃপক্ষ। বুধবার (২ জুলাই) সন্ধ্যায়
২২ টন ধারণক্ষমতার ঢাকা মেট্রো-ট ১৮-০৮৯৯ নম্বরের একটি মালবাহী ট্রাক ২৩ দশমিক ৮০ টন
পণ্য নিয়ে পায়রা সেতুর উত্তর প্রান্তের ওজন স্কেলে আসে। অভিযোগ রয়েছে, সেখানে দায়িত্বরত
টোলকর্মী মো. হাসান এক হাজার টাকা ঘুষ নিয়ে ট্রাকটিকে সেতু পার হওয়ার সুযোগ করে দেন। তবে ট্রাকটি সেতুর দক্ষিণ
প্রান্তে পৌঁছালে দায়িত্বরত টোলকর্মীদের সন্দেহ হয়। পরে ট্রাকটি আটক করে চালক কবির
হোসেনকে টোল অফিসে নেওয়া হয়। অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় টোলকর্মী মো.
হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি অতিরিক্ত ওজনের পণ্য পরিবহনের দায়ে
ট্রাকচালককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পায়রা সেতুর টোল ইনচার্জ
সজল বিশ্বাস বলেন, তদন্তে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট টোলকর্মীকে
চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত ওজনের পণ্য পরিবহনের দায়ে ট্রাকচালকের বিরুদ্ধে
বিধি অনুযায়ী আর্থিক জরিমানা করা হয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ,
টোল প্লাজার কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী অর্থের বিনিময়ে অতিরিক্ত বোঝাই মালবাহী
ট্রাক পারাপারে সহায়তা করে থাকেন। এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর
নজরদারি ও দায়ীদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more