প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ২১, ২০২৬, ৩:৫০ এ.এম
রোহিঙ্গাদের ওপর জেনোসাইডে দোষী সাব্যস্ত মিয়ানমার
অ-অ+
অনলাইন ডেস্ক:
মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জেনোসাইড বা জাতিগত হত্যা সংঘটনের দায়ে দেশটিকে দোষী সাব্যস্ত করে ঐতিহাসিক রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের রায়ে বলা হয়েছে, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জেনোসাইড চালানোর পাশাপাশি জাতিহত্যা প্রতিরোধ, অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইন প্রণয়নের বাধ্যবাধকতাও লঙ্ঘন করেছে। ২০১৭ সালের 'ক্লিয়ারেন্স অপারেশন' নামের সামরিক অভিযানের মাধ্যমে রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ছিল বলেও পর্যবেক্ষণ দিয়েছেন আদালত।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজের ১৫ জন বিচারপতির মধ্যে ৯ জনের সমর্থনে এ রায় ঘোষিত হয়, আর বাকি ৬ বিচারপতি বিপক্ষে মত দেন। ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল এবং দীর্ঘ সাত বছর পর গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই রায় দেওয়া হয়। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত উত্তর রাখাইনে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্টদের কর্মকাণ্ডের মাধ্যমে মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক সনদ লঙ্ঘন করেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছিল। গাম্বিয়ার পক্ষে হস্তক্ষেপকারী হিসেবে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ডসহ আরও ১১টি রাষ্ট্র অংশ নেয়।
রায় দিতে গিয়ে বিচারপতিরা শুধু ২০১৭ সালের সামরিক অভিযান বা নির্দিষ্ট কিছু হত্যাকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি। নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া, চলাচল ও বিয়ের ওপর বিধিনিষেধ, সন্তান জন্মদানে বাধা, বিদ্বেষমূলক প্রচার, গ্রাম জ্বালিয়ে দেওয়া, হত্যা, ধর্ষণ ও যৌন সহিংসতার মতো দীর্ঘমেয়াদী নির্যাতন-নিপীড়নের চিত্রও তাঁরা পর্যালোচনা করেছেন। পাশাপাশি গাম্বিয়ার জমা দেওয়া সাক্ষ্য, নথি, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন, স্যাটেলাইটের ছবি এবং অন্যান্য তথ্যের গুরুত্ব ও গ্রহণযোগ্যতাও বিবেচনায় নেওয়া হয়েছে।
রায়ে রোহিঙ্গাদের পরিচয় ও রাখাইনের ইতিহাস নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। বাংলাদেশ সীমান্তঘেঁষা রাখাইন রাজ্যের প্রায় ৩২ লাখ জনসংখ্যার (২০১৪ সালের আদমশুমারি অনুযায়ী) মধ্যে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধধর্মাবলম্বী রাখাইন বা আরাকানিদের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক মুসলিম রোহিঙ্গা বসবাস করতেন। মিয়ানমার সরকার স্বীকৃত ৮টি 'প্রধান জাতিগোষ্ঠী' বা ১৩৫টি 'জাতীয় জাতিগোষ্ঠী'র তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্ত না করে 'বাঙালি' বলে আখ্যায়িত করলেও আদালত রায়ে নিজেদের রোহিঙ্গা হিসেবে পরিচয় দেওয়া এবং রাখাইনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের দাবিদার জনগোষ্ঠীকেই 'রোহিঙ্গা' হিসেবে উল্লেখ করেছেন।
আদালতের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে যে ২০১৪ সালের আদমশুমারি অনুযায়ী রাখাইনে রোহিঙ্গার সংখ্যা ছিল ১০ লাখের বেশি, যাঁদের বড় অংশ মংডু, বুথিডং ও রাথিডংয়ে বসবাস করতেন। ২০১৭ সালের অভিযানের আগে উত্তর রাখাইনে আনুমানিক ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গার বসবাস ছিল এবং আরাকান পর্বতমালার ভৌগোলিক অবস্থানের কারণে ঐতিহাসিক আরাকান অঞ্চল একসময় পাগান রাজ্যের বাইরে ছিল ও পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বড় অংশ স্বাধীন ম্রাউক-উ রাজ্যের অধীনে ছিল।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more