পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান
Date: 2026-06-08
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৮, ২০২৬, ২:৫০ পি.এম
পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান
অ-অ+
পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের ডিন ও কৌলিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, যেটি আগে হবে, সে সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি পবিপ্রবির কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কৃষি শিক্ষা ও গবেষণার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। নতুন উপাচার্যের নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসন ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। উল্লেখ্য, ২০০০ সালে প্রতিষ্ঠিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কৃষি, মৎস্য, পশুপালন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more