প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৫, ২০২৬, ২:১৮ পি.এম
পদ্মায় বাস পড়ে যাওয়া তদন্তে কমিটি গঠন
অ-অ+
অনলাইন ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে
ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় পৃথক
দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের আগেই বাস
থেকে নামিয়ে দেওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। শুক্রবার সকালে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি
বাস দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছে ফেরিতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ
হারিয়ে ফেরির র্যাম ভেঙে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসে কোনো যাত্রী না থাকলেও
চালক ও হেলপার নদীতে পড়ে আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তারা উদ্ধার হন এবং চিকিৎসার
জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস,
নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএর ডুবুরি দল ও স্থানীয় প্রশাসন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার
পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ নদীর তলদেশ থেকে বাসটি তুলে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ফেরির প্রবেশপথ দিয়ে ওঠার
সময় হঠাৎ গতি নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে সেটি ফেরির বিপরীত পাশের র্যাম ভেঙে
সরাসরি পদ্মার পানিতে তলিয়ে যায়। তবে আগে থেকেই কার্যকর করা নিরাপত্তা নির্দেশনার কারণে
সব যাত্রী বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বাসের চালক দাবি করেন, ফেরিতে ওঠার সময় হঠাৎ ব্রেক কাজ
করা বন্ধ করে দেয়। পরিস্থিতি বুঝতে পেরে তিনি সহকারীকে দ্রুত নেমে যেতে বলেন এবং নিজেও
লাফিয়ে প্রাণ রক্ষা করেন। সহকারীও নদীতে পড়ে আহত হলেও সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। জেলা প্রশাসন জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে সাত সদস্যের
একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে
বলা হয়েছে। একই সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি
গঠন করা হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ঘটনাস্থল পরিদর্শন শেষে
বলেন, সময়মতো যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ার কারণে সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা থেকে
রক্ষা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে একই ফেরিঘাটে আরেকটি যাত্রীবাহী
বাস নদীতে পড়ে ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই ফেরিতে ওঠার আগে বাসের
সব যাত্রীকে নামিয়ে দেওয়ার নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তথ্য: আমাদের সময়/ বিডিফেস মেহেদী হাসান দীপ
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more