বাউফলে পুলিশকে খবর দেওয়ার অভিযোগে নারীকে মারধর

Date: 2026-05-08
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে পুলিশকে তথ্য দেওয়ার অভিযোগে এক মধ্যবয়স্ক নারীর ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার বগা বাজার সংলগ্ন দফাদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিল্পী বেগম (৪০) বগা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও হারুন অর রশিদের স্ত্রী। তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিল্পী বেগম জানান, গত মঙ্গলবার বগা ফাঁড়ির পুলিশের একটি দল মাদকের অভিযোগে কামরুল ইসলাম খোকনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায়। তবে সে সময় তাকে আটক করা সম্ভব হয়নি। পরে পুলিশকে খবর দেওয়ার অভিযোগ তুলে কামরুল ইসলাম খোকন ও তার স্ত্রী শাহিদা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, হামলার সময় তাকে মারধর করা হয় এবং তার গলায় ও কানে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। এ সময় তার কানে গুরুতর আঘাত লাগে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কামরুল ইসলাম খোকন উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের এক নেতা বলে এলাকায় পরিচিত।
এ বিষয়ে অভিযুক্ত কামরুল ইসলাম খোকন বলেন, আমার স্ত্রীর সাথে শিল্পীর সাথে ঝগড়া হয়েছে। আমি তার গায়ে হাত দেইনি। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিয়াদ জানান, আহত নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave Your Comments