প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০৬, ২০২৬, ২:৩০ এ.এম
পুতিনের কাছে খামেনির বিশেষ বার্তা
অ-অ+
অনলাইন ডেস্ক:
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যৌথ সামরিক হামলার প্রস্তুতির খবরের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বিশেষ বার্তা পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে বার্তাটি পৌঁছে দেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই। ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে এই বার্তা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হলেও, চিঠিতে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বিশ্বরাজনীতির বর্তমান পরিস্থিতিতে এবং মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মুখে এই বার্তা লেনদেনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রাশিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সম্প্রতি দুই দেশের সম্পর্কে বেশ কিছু কূটনৈতিক মেরুকরণ দেখা গেছে। একদিকে মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা করছে, অন্যদিকে ইরানের প্রতি নিজেদের সমর্থনও অব্যাহত রেখেছে। এছাড়া ইউক্রেন সংকট নিরসনে কূটনৈতিক সমাধানের পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাবও দিয়ে আসছে রাশিয়া। এই জটিল পরিস্থিতির মধ্যেই মস্কোয় খামেনির প্রতিনিধি পাঠিয়ে এই বার্তা প্রদান নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম 'নিউইয়র্ক টাইমস'-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানে নতুন করে এক সমন্বিত হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্ভাব্য এই হামলাটি স্বল্পস্থায়ী হলেও এর তীব্রতা হতে পারে অনেক বেশি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে এবং এটি এখন কেবল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানে অভিযানের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে ১২টি যুদ্ধজাহাজে হাজার হাজার সেনা প্রস্তুত রাখা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই হামলায় ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির কেন্দ্রগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হতে পারে। এমন সময়ে মস্কোয় ইরানের এই বিশেষ বার্তা পৌঁছানোর ঘটনা মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক উত্তেজনা ও ভূ-রাজনৈতিক সংকটেরই আভাস দিচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more