সবুজ নগর গঠনে পটুয়াখালীতে মিয়াওয়াকি বন সৃজন কার্যক্রম
Date: 2026-06-16
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৬, ২০২৬, ১২:৩৪ পি.এম
সবুজ নগর গঠনে পটুয়াখালীতে মিয়াওয়াকি বন সৃজন কার্যক্রম
অ-অ+
পটুয়াখালী প্রতিনিধি: সরকারের অগ্রাধিকারভিত্তিক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে মিয়াওয়াকি বন সৃজন কার্যক্রমের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে পটুয়াখালী সার্কিট হাউস চত্বরে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এছাড়া পৌর প্রশাসক ও উপ-পরিচালক (স্থানীয় সরকার) জুয়েল রানা, জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তারা এবং পটুয়াখালী ইয়ুথ ফোরামের সদস্যরা অংশ নেন। কর্মসূচিতে মিয়াওয়াকি পদ্ধতিতে বিভিন্ন দেশীয় প্রজাতির প্রায় দেড় শতাধিক গাছের চারা রোপণ করা হয়। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষার একটি জাতীয় আন্দোলন হিসেবে কাজ করছে। পৌর প্রশাসক জুয়েল রানা বলেন, স্বল্প জায়গায় দ্রুত ঘন বন সৃষ্টির জন্য মিয়াওয়াকি পদ্ধতি অত্যন্ত কার্যকর। এটি নগর এলাকায় বায়ুদূষণ হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা জানান, মিয়াওয়াকি পদ্ধতিতে গড়ে ওঠা বন অল্প সময়েই প্রাকৃতিক বনের বৈশিষ্ট্য ধারণ করে। এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি একটি সবুজ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে সহায়ক হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more