প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৬, ২০২৬, ২:৫৮ পি.এম
বিশ্বকাপে কোন দলের সমর্থক তারেক রহমান?
অ-অ+
অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে এখন উন্মাদনা ছড়াচ্ছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। সেই বৈশ্বিক ফুটবল জোয়ারে ভাসছে বাংলাদেশও। সাধারণ মানুষের পাশাপাশি দেশের রাজনৈতিক অঙ্গন ও শীর্ষ ব্যক্তিত্বদের মধ্যেও চলছে বিশ্বকাপ নিয়ে নানা রকম আলোচনা-কৌতূহল। কিন্তু দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিশ্বকাপে ঠিক কোন দলটিকে সমর্থন করছেন? সরাসরি কোনো দলের নাম উচ্চারণ না করলেও নিজের পছন্দের ফুটবল দল সম্পর্কে একটি বড় ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিএনপি বিটের সাংবাদিকদের সাথে এক প্রাণবন্ত মতবিনিময় সভায় মিলিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। মতবিনিময়ের এক পর্যায়ে একজন সাংবাদিক চলমান ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করেন, “বিশ্বকাপ ফুটবল চলছে, এই বিশ্বকাপের জোয়ারে বাংলাদেশও ভাসছে। আপনি কোন দেশকে সমর্থন করেন?” এমন কৌতুহলী প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে প্রধানমন্ত্রী বেশ কৌশলী ও হাস্যোজ্জ্বল ভঙ্গিতে জবাব দেন। তিনি বলেন, “আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই তো পারছেন।” তার এই চতুর উত্তরের পর স্বভাবসুলভ মিষ্টি হেসে সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি পুনরায় প্রশ্ন করেন, “আপনি আপনার উত্তর পেয়েছেন তো?” প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের বুঝতে আর বাকি থাকেনি যে তার সমর্থনের পাল্লাটি কোন দলের দিকে ঝুঁকছে। তিনি মূলত পরোক্ষভাবে ইংল্যান্ড ফুটবল দলের প্রতি নিজের সমর্থনের কথাই ব্যক্ত করেছেন উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন তারেক রহমান। সেখানে দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটানোর পর, ২০২৫ সালের ২৫শে ডিসেম্বর তিনি স্বদেশে ফিরে আসেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ইংল্যান্ডে কাটানোর কারণেই ফুটবলের এই মহোৎসবে ‘থ্রি লায়নস’ খ্যাত ইংল্যান্ডের প্রতিই যে তার ভালো লাগা, সেটিই উঠে এসেছে তার বক্তব্যে। চলমান এই ফুটবল মহাযজ্ঞে আগামী ১৮ই জুন রাত ২টায় (বাংলাদেশ সময়) গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। এদিকে গত ১১ই জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের। রেকর্ড ৪৮টি দলের অংশগ্রহণে ৩৯ দিনব্যাপী চলা এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৯শে জুলাই নিউইয়র্কে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more