প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১০, ২০২৬, ৪:৩৮ এ.এম
সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনী
অ-অ+
অনলাইন ডেস্ক:
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি-সাজেক সড়কের বিভিন্ন স্থান তলিয়ে যাওয়ায় রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকা পড়েছেন প্রায় ৬০০ পর্যটক। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় গত বুধবার সকাল থেকে তারা সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন। এই পরিস্থিতিতে আটকে পড়া পর্যটকদের বিশেষ ব্যবস্থাপনায় নিরাপদে ফিরিয়ে আনতে উদ্ধার তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই মধ্যে প্রথম দফায় প্রায় ১৫০ জন পর্যটক নিরাপদে খাগড়াছড়ি জেলা সদরে ফিরে এসেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃষ্টিপাত অব্যাহত থাকায় সড়কের পানি না কমায় পর্যটকদের সাধারণ যানবাহনে ফেরানো সম্ভব হচ্ছিল না। এমন অবস্থায় পর্যটকদের নিরাপত্তা ও তাদের জরুরি উদ্ধার নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়ন (২০৩ পদাতিক ব্রিগেড)-এর সার্বিক তত্ত্বাবধানে বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল) দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
গতকাল বৃহস্পতিবার বাঘাইহাট জোনের সেনাসদস্যরা বিশেষ ব্যবস্থায় ভেলা ও নৌকার মাধ্যমে আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়ির দীঘিনালায় পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন। সেনাবাহিনীর এই উদ্ধার সহায়তায় বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ প্রায় ১৫০ জন পর্যটক নিরাপদে খাগড়াছড়ি জেলা সদরে পৌঁছাতে সক্ষম হন। সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সাজেকে এখনও বেশ কিছু পর্যটক অবস্থান করছেন। পর্যায়ক্রমে আটকে থাকা বাকি সব পর্যটককে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সেনাবাহিনীর এই উদ্ধার ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more