সরকারের নির্দেশ মেনেই চলছে খাল খনন; অনিয়মের সুযোগ নাই-ইউএনও বাউফল
Date: 2026-05-26
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: মে ২৬, ২০২৬, ১:৩১ পি.এম
সরকারের নির্দেশ মেনেই চলছে খাল খনন; অনিয়মের সুযোগ নাই-ইউএনও বাউফল
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে চলমান ২ কিলোমিটার খাল খনন প্রকল্পে কোনো অনিয়ম নেই বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। মঙ্গলবার দুপুরে তিনি প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করে খননকাজের অগ্রগতি ও মান যাচাই করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ইউএনও সালেহ আহমেদ খালের গভীরতা সরেজমিনে পরিমাপের নির্দেশ দেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত গভীরতা বজায় রেখেই খননকাজ পরিচালিত হচ্ছে। পরিদর্শন শেষে ইউএনও বলেন, প্রধানমন্ত্রীর খাল খনন ও খালের দুই পাশে বনায়ন কর্মসূচি শতভাগ সঠিকভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি করছে। কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবির বিষয়ে তিনি বলেন, খালের ওপর একটি আয়রন ব্রিজ নির্মাণের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে, যাতে এলাকাবাসীর চলাচল ও নৌযান চলাচলে সুবিধা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকল্পের সময়কাল ও কাজের মান নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাবে ইউএনও জানান, ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার নির্দেশনা রয়েছে। তিনি আরও বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করেই কাজ পরিচালিত হচ্ছে। নিয়মের বাইরে কোনো কাজের অনুমোদন বা বিল প্রদান করা হবে না। এই খাল খনন কর্মসূচির মূল উদ্দেশ্য কৃষি সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপকার নিশ্চিত করা। খাল খনন শেষে এর দুই পাশে বৃক্ষরোপণের উদ্যোগও নেওয়া হবে বলে জানান তিনি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more