প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১:৩৫ পি.এম
শরৎ বিষুব আজ: দিন রাত সমান
অ-অ+
নিজস্ব প্রতিবেদক:
শরৎকালীন বিষুবের মধ্য দিয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) উত্তর গোলার্ধে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জ্যোতির্বৈজ্ঞানিক শরৎকাল। এ সময় সূর্য বিষুবরেখার ওপর অবস্থান করায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান হয়ে আসে। তবে বাংলাদেশের ক্ষেত্রে ২৩ সেপ্টেম্বর নতুন করে শরৎকাল শুরু হচ্ছে না। বাংলা ঋতুচক্র অনুযায়ী দেশে এরই মধ্যে শরৎকাল চলছে।
রয়্যাল মিউজিয়াম গ্রিনউইচের তথ্য অনুযায়ী, বুধবার যুক্তরাজ্যের স্থানীয় সময় রাত ১টা ৬ মিনিটে শরৎকালীন বিষুব সংঘটিত হয়। বাংলাদেশ সময় অনুযায়ী এর সময় সকাল ৬টা ৬ মিনিট।
জ্যোতির্বিজ্ঞানের ভাষায়, বিষুব হলো এমন একটি মুহূর্ত, যখন সূর্য পৃথিবীর বিষুবরেখার ওপর প্রায় সরাসরি অবস্থান করে। এ সময় পৃথিবীর দুই গোলার্ধ সূর্যের আলো প্রায় সমানভাবে পায়। ফলে বিশ্বজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য কাছাকাছি সমান হয়ে আসে।
শরৎ বিষুবকে ঘিরে বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক স্থানেও বিশেষ আয়োজন দেখা যায়। যুক্তরাজ্যের স্টোনহেঞ্জের মতো প্রাচীন স্থাপনায় এ দিন সূর্যোদয় দেখতে দর্শনার্থী ও আগ্রহী মানুষের সমাগম ঘটে।
তবে বাংলাদেশসহ বাংলা ঋতুচক্র অনুসরণকারী অঞ্চলে বিষয়টি ভিন্ন। বাংলা পঞ্জিকা অনুযায়ী, ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে শরৎকাল। ফলে ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে নতুন কোনো ঋতুর সূচনা নয়। বরং এটি উত্তর গোলার্ধের জ্যোতির্বৈজ্ঞানিক ঋতুচক্রের একটি গুরুত্বপূর্ণ দিন।
‘ইকুইনক্স’ শব্দটি লাতিন ভাষা থেকে এসেছে, যার অর্থ ‘সমান রাত’। প্রচলিত ধারণা অনুযায়ী বিষুবের দিনে দিন ও রাত ১২ ঘণ্টা করে হওয়ার কথা। বাস্তবে বায়ুমণ্ডলে সূর্যের আলোর প্রতিসরণের কারণে সূর্য দিগন্তের নিচে চলে যাওয়ার পরও কিছু সময় আলো দৃশ্যমান থাকে। এ কারণে দিন ও রাতের প্রকৃত সমতা বিষুবের দিনেই ঘটে না; কয়েক দিন পরে এমন একটি সময় আসে, যাকে ‘ইক্যুল্যাক্স’ বা সমান আলো বলা হয়।
জ্যোতির্বিজ্ঞানের এই বিশেষ ঘটনা মূলত পৃথিবীর কক্ষপথ, অক্ষের হেলন এবং সূর্যের চারপাশে পৃথিবীর পরিক্রমণের সঙ্গে সম্পর্কিত। উত্তর গোলার্ধে শরৎ বিষুবের পর ধীরে ধীরে রাতের দৈর্ঘ্য বাড়তে থাকে এবং দিনের দৈর্ঘ্য কমতে শুরু করে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more