শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি ৩০ সেপ্টেম্বর
Date: 2026-07-14
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৪, ২০২৬, ১:১৫ পি.এম
শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি ৩০ সেপ্টেম্বর
অ-অ+
অনলাইন ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চক্রান্ত এবং রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে এ মামলাটি করা হয়েছিল। আজ মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মঈন উদ্দিন চৌধুরী শুনানি শেষে এই আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী আরিফ সরকার পাভেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগারে আটক থাকা কয়েকজন আসামির পক্ষে শুনানির সময় চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করে এবং অন্যান্য আবেদনের প্রেক্ষিতে আগামী ৩০ সেপ্টেম্বর পরবর্তী শুনানির নতুন দিন নির্ধারণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ শুনানির দিন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে থাকা ২৪ জন আসামিকে (২০ জন পুরুষ ও ৪ জন নারী) আদালতে হাজির করা হয়। পুলিশের কঠোর নজরদারিতে তাঁদের হাজতখানা থেকে এজলাসে আনা হয় এবং তাঁদের উপস্থিতিতেই শুনানির প্রক্রিয়া শুরু হয়। এদিকে, এই মামলার এজাহারভুক্ত আসামি জামিরুল ইসলাম বাবু আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। তবে আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নথি সূত্রে জানা যায়, গত বছরের (২০২৫) ২৭ মার্চ সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) সহকারী বিশেষ পুলিশ সুপার মো. এনামুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ জুলাই শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করা হয়
পরবর্তীতে আদালত এই অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং তাঁদের আদালতে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। এরপর মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। বিচার প্রক্রিয়া দ্রুত করার লক্ষ্যে গত ২৩ ফেব্রুয়ারি মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরিত করা হয়। বর্তমানে মামলাটি অভিযোগ গঠন শুনানির পর্যায়ে রয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে 'জয় বাংলা ব্রিগেড' নামের একটি সংগঠনের ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সেখানে শেখ হাসিনাসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী অংশ নেন। ওই সভায় শেখ হাসিনা রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে অপসারণের জন্য বিভিন্ন নির্দেশনা দেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more