সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
অক্টোবর ২০, ২০২৬, ৫:১৩ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২০, ২০২৬, ৫:১৩ এ.এম
সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
অ-অ+
অনলাইন ডেস্ক:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকার ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মন্দিরে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের প্রতিটি নাগরিককে প্রথমে নিজেদের 'বাংলাদেশি' এবং 'মানুষ' হিসেবে পরিচয় দেওয়ার ওপর বিশেষ জোর দেন।
মন্দিরে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও কর্তব্য রয়েছে। রাষ্ট্র যেমন সবাইকে নিরাপত্তা প্রদান করতে বাধ্য, তেমনি নাগরিকদেরও পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে একে অপরকে সুরক্ষিত রাখতে হবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, পরবর্তী সময়ে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, এসব গৌরবোজ্জ্বল অধ্যায়ে দেশের সব ধর্মের মানুষ দল-মত ও ধর্মীয় পরিচয় নির্বিশেষে রাজপথে রক্ত ঢেলে দিয়েছে এবং জীবন উৎসর্গ করেছে। ওসমানী উদ্যানে সদ্য উদ্বোধন করা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সব ধর্মের মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, মুক্তিকামী ও অধিকার আদায়ের সংগ্রামে কেউ কখনো একে অপরকে ধর্মের পরিচয় জিজ্ঞেস করেনি, সবাই দেশের মুক্তির জন্যই লড়েছিল।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, দেশের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে সব নাগরিক সমানভাবে অংশীদার। কারো জীবনে সংকট বা সুখ এলে তা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য সীমাবদ্ধ থাকে না, বরং তা সবার জন্যই প্রযোজ্য। তাই হানাহানি ও বিভেদ ভুলে গিয়ে মানুষ হিসেবে একে অপরকে চেনা এবং একটি বৈষম্যহীন ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more