অনলাইন ডেস্ক:
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণের বিষয়ে রাজনৈতিক মহলে যে আলোচনা চলছে, তা পুরোপুরি নির্বাচন কমিশন (ইসি) ও আদালতের বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্য কোনো রাজনৈতিক দল এ বিষয়ে কী প্রস্তাব দিল বা কী বলল, তা নিয়ে বিএনপি মাথা ঘামাচ্ছে না বলেও তিনি জানান।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বিএনপির ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বন্ধে জামায়াতে ইসলামীর প্রস্তাবের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রিজভী বলেন, "নির্বাচন কে করবে না করবে, এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়। প্রচলিত আইন ও বর্তমান বিধিমালা অনুযায়ী কারা নির্বাচনে অংশ নিতে পারবে, তা নির্ধারণের দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের।"
বিএনপির এই নেতা আরও স্পষ্ট করেন যে, যেহেতু আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না, তাই দলটির প্রার্থিতার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি জানান, এ বিষয়ে দলীয় পর্যায়ে সিদ্ধান্ত হলে তা পরবর্তীতে জানানো হবে।
এদিকে, নির্বাচন কমিশনে জমা দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা এবং ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। দলের কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত জানান, দলীয় সদস্যদের চাঁদা, মনোনয়ন ফরম ও বইপুস্তক বিক্রি এবং বিভিন্ন অনুদান থেকে এই আয় হয়েছে। অন্যদিকে, ত্রাণ বিতরণ, জনসভার খরচ, প্রশাসনিক ব্যয় ও প্রচারণাসহ বিভিন্ন খাতে ব্যয় করা হয়েছে ১৫ কোটি টাকার বেশি। বর্তমানে দলটির তহবিলে ব্যাংকে জমা ও নগদ অর্থ মিলিয়ে প্রায় ২৮ কোটি ৭ লাখ টাকা উদ্বৃত্ত রয়েছে বলে জানান তিনি।
তথ্য: প্রথম আলো/ বিডিফেস
মেহেদী হাসান