তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়নি: প্রধানমন্ত্রী

Date: 2026-04-16
news-banner

অনলাইন ডেক্স:
বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব থাকা সত্ত্বেও দেশে সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনায় নিয়ে এখনো দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি সরকার- এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেল ও ডিজেলের দাম বাড়লেও সরকার জনদুর্ভোগ কমাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, এ খাতে প্রতিদিন বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে পরিস্থিতি স্থিতিশীল রাখার উদ্যোগ অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, জনগণের স্বার্থই সরকারের প্রধান বিবেচ্য বিষয়। আমরা এমন কোনো সিদ্ধান্ত নিতে চাই না, যা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে প্রধানমন্ত্রী আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, তাদের অবদান দেশের উন্নয়ন ও অগ্রগতিকে আরও শক্তিশালী করবে।
এ সময় তিনি জাতীয় ইতিহাস ও নেতৃবৃন্দের অবদান যথাযথভাবে স্মরণ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ইতিহাস বিকৃত বা অবহেলা করলে ভবিষ্যৎ প্রজন্ম তার নেতিবাচক প্রভাব ভোগ করবে।
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এই পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব অনেক দেশেই পড়েছে। তবে বাংলাদেশে এখনো জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংকট মোকাবিলায় রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ ব্যক্তিগত জীবনেও অপচয় কমাতে হবে এবং সাশ্রয়ী মনোভাব গড়ে তুলতে হবে।
 
তথ্য-বিডিপ্রতিদিন
বিডিফেস/মেহেদী হাসান দ্বীপ

Leave Your Comments