প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: মে ৩১, ২০২৬, ৪:৩৮ এ.এম
‘ট্রাম্প’ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
অ-অ+
অনলাইন ডেস্ক: কোরবানির পশুর হাটে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা বিরল গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। ঈদের ছুটিতে হাজারো দর্শনার্থীর আগ্রহের কেন্দ্রে রয়েছে এই অস্বাভাবিক রঙের মহিষটি। রোববার সকাল থেকে চিড়িয়াখানার নির্ধারিত ঘেরাটোপের সামনে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এসেছেন শুধু একনজর বিরল প্রাণীটিকে দেখার জন্য। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন, আবার কেউ এর নামকরণের পেছনের গল্প জানতে আগ্রহ দেখাচ্ছেন। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবহনের সময় সামান্য আঘাত পেলেও বর্তমানে সেটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসা চলছে। নারায়ণগঞ্জের একটি খামারে লালন-পালন করা এই মহিষটির মাথার বিশেষ ধরনের ঢেউ খেলানো লোমের কারণে এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যেই দেশজুড়ে আলোচনায় আসে প্রাণীটি। ঈদুল আজহা উপলক্ষে মহিষটি বিক্রিও করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত কোরবানি না দিয়ে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি উদ্যোগে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের মতে, এটি অ্যালবিনো বৈশিষ্ট্যসম্পন্ন অত্যন্ত বিরল প্রজাতির মহিষ। জেনেটিক পরিবর্তনের কারণে এ ধরনের প্রাণীর শরীরে স্বাভাবিক রঞ্জক পদার্থের ঘাটতি দেখা দেয়, যার ফলে অস্বাভাবিক বর্ণ ধারণ করে। বিশেষজ্ঞরা বলছেন, এমন প্রাণী গবেষণা ও সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দর্শনার্থীদের অনেকে মনে করছেন, বিরল প্রাণীটিকে কোরবানি না দিয়ে সংরক্ষণ করার সিদ্ধান্ত যথার্থ হয়েছে। তাদের মতে, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান জৈব সম্পদ। চিড়িয়াখানা কর্তৃপক্ষ আশা করছে, আগামী দিনগুলোতে ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ আরও বাড়বে এবং এটি চিড়িয়াখানার অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে প্রতিষ্ঠিত হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more