প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৯, ২০২৬, ৫:২৬ এ.এম
৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন
অ-অ+
অনলাইন ডেস্ক:
বগুড়ার শেরপুর পৌরসভার ঐতিহ্যবাহী বারদুয়ারী হাটে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। হাটের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা ছয়টি পাকা দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এক বিশেষ অভিযানে এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে নির্মাণাধীন এই পাকা স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. সাইদুজ্জামান হিমু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। সরেজমিনে জানা যায়, হাটের একটি উন্মুক্ত স্থানে প্রায় ৪৪ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের জায়গা জুড়ে ইটের দেয়াল তুলে এই ছয়টি দোকানঘর তৈরির কাজ চলছিল। তবে প্রশাসনের অভিযানের খবর পেয়ে নির্মাণকাজে জড়িত শ্রমিক ও মূল অভিযুক্তরা আগেই সেখান থেকে সটকে পড়েন। স্থানীয় সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, এর আগে সাধারণ কোনো ব্যবসায়ী হাটে ছোটখাটো দোকান বসাতে গেলে পৌর কর্তৃপক্ষ তা ভেঙে দিত। অথচ স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে হাটের সরকারি জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ করলেও এতদিন কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। জানা গেছে, প্রায় তিন মাস আগে মো. আজাহার নামের এক ব্যক্তি একই স্থানে আরেকটি পাকা ঘর নির্মাণ করেছিলেন। লিজের কথা দাবি করা হলেও তার ছেলে আকাশ এর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। সম্প্রতি গণমাধ্যমে ‘শেরপুরের হাটে অবৈধভাবে পাকা ঘর নির্মাণ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং দ্রুত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান শেষে ইউএনও ও পৌর প্রশাসক মো. সাইদুজ্জামান হিমু জানান, পৌরসভার কোনো অনুমতি ছাড়াই সরকারি জায়গা দখল করে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এই দখলের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও সরকারি হাটের সম্পত্তি দখল করার যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more